মোহাম্মদ ফিরোজ, জেদ্দা, সৌদিআরব থেকে: ৪১৯ জন হজযাত্রীদের নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১। ৪ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসিহ্। এসময় আরো উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এফ এম বোরহান উদ্দিন, কাউন্সিলর হজ মাকসুদুর রহমান।
এই সময় সৌদি উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল হজ্ব ইঞ্জিনিয়ার মারওয়ান, সাউথ এশিয়ান হজ্ব গ্রুপের চেয়ারম্যান ড. রাফাত বদর, কাউন্সিলর শ্রম আমিনুল ইসলাম, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ওসমান নূর, কাউন্সিলর ভিসা এন্ড পাসপোর্ট কামরুজ্জামান, জেদ্দা কনস্যুলেট এর কার্যালয় প্রধান মোস্তাফা জামিল খান সহ বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীদের বাংলাদেশ ও সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল, জায়নামাজ, আতর এবং খেজুর দিয়ে বরণ করে নিচ্ছেন মান্যবর রাষ্ট্রদূত, মান্যবর কনসাল জেনারেল, হজ কাউন্সেলর এবং কনসুলেট ও সৌদি হজ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ হজ মিশন এবং মোয়াল্লেমের লোকজনের সহায়তায় হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দর থেকে মক্কায় পৌঁছাবেন।
সৌদি আরবের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট ( ৯ জিলহজ্ব ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর মোট সরকারী এবং বেসরকারী ব্যবস্থাপনায় ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন।
এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় (ব্যালটি) ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারী ৫৯৮টি এজেন্সির মাধ্যমে (নন-ব্যালটি) ১লক্ষ ২০ হাজার হাজ্বী হজ করার কথা রয়েছে। জানা যায়, এইবারে ৩২ দিনে ৩০৪টি ডেডিকেটেড ও ৬১ টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রি-হজ ১৮৯টি ফ্লাইট পরিচালনা করা হবে। (ডেডিকেটেড ১৫৭টি সিডিউল৩২টি) ।
এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১৮টি হজ এবং মদিনা থেকে ঢাকা ১৫টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ১৯টি, সিলেট থেকে জেদ্দা ০৩টি, চট্টগ্রাম থেকে মদিনা ০৭টি এবং ঢাকা থেকে জেদ্দা ১২৬টি ডেডিকেটেড হজ্ব ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় হজযাত্রীদের বহন করবেন বলে জানান বিমানের রিজিওনাল ম্যানেজার আলী ওসমান নূর।
হজ কনসাল মাকসুদুর রহমান জানান, বাংলাদেশ থেকে আসা সব হজযাত্রীর জন্যে ইতোমধ্যে বাড়ি ভাড়া সহ হজ পালনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। হাজীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম কাজ করবে বলে জানান তিনি। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি- ৩০০১ বাংলাদেশ সময় সকাল ৭টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে আসেন।