উমর ফারুক হিমেল, সিউল, দক্ষিণ কোরিয়া: ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করে। আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ১৬ ডিসেম্বর সকালে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
বিকাল ৫ ঘটিকায় বিজয় দিবস উদযাপনের ২য় পর্বে প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কোরিয়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু এ পর্বে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তাগণ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।

এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাসী আলোচকগণ আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন। এ পর্বে মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অর্জনসমূহ উল্লেখ পূর্বক তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রবাসীদের আহ্বান জানান। সেই সাথে প্রবাসীদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সাথে তুলে ধরেন যাতে ভবিষ্যত প্রজন্ম একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশে বসবাস করতে পারে।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ দূতাবাস পরিবার ও কোরিয়ায় বসবাসরত বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি হয় ।