তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: লস এঞ্জেলসের লিটল বাংলাদেশের পাদদেশে বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার সকাল ১১টায় ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণসহ কমিউনিটির সর্বস্তরের প্রবাসীরা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে ও বেলুন উড়িয়ে বিজয় দিবস উদযাপন করে।
অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশিত হয। এরপর লস এঞ্জেলসের বিখ্যাত ভাস্কর ঘনশ্যাম চেজারা নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

অনেকটা পথমেলার আদলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সংক্ষেপে আলোচনা করেন ডা. আবুল হাসেম, শফিউল আলম ফেন্ডস বাবু, সৈয়দ এম হোসেন বাবু, ড্যানী তৈয়ব, কাজী মশহুরুল হুদা, শাহেদ খান ঢালী, মোহাম্মদ আলী খান, রাজীব কুন্ডু, ঘনশ্যাম চেজারা, রানা মাহমুদ, সাংবাদিক আফতাব আহমেদ। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মো. আলাউদ্দিন, আসাদ খান, আবেদ জামান, সামসুল হক ও নূর মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন মমিনুল হক বাচ্চু।
লিটল বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আগামীতে অনুষ্ঠানটি আরো ব্যাপক আকারে আয়োজন করার অনুরোধ জানান ডা. আবুল হাসেম।