ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের উভয়ের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এরা হলেন, আব্দুল্লাহ মিয়া (৩৫) ও মোজাম্মেল মিয়া (২২)।
১৪ জানুয়ারি ২০২০, শুক্রবার দুপুরে এই দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁদের পরিবারের স্বজনরা। গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুল্লাহ দুই বছর পূর্বে ও একই গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে মোজাম্মেল দেড় বছর পূর্বে জীবিকার তাগিদে লেবাননে আসেন । সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা হন।
লেবাননে তাঁদের প্রতিবেশিরা জানান, লেবাননে গত ২ সপ্তাহ ধরে তুষারপাত সহ প্রচণ্ড শীত পড়েছে। লেবাননের বিভাগীয় জেলা শহর শুরে এই সময়ে প্রচণ্ড ঠান্ডা তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস নেমে আসে। মঙ্গলবার রাতে প্রচন্ড শীতের কারণে চাচা-ভাতিজা রাতের খাবার খেয়ে রুমের সব দরজা-জানালা বন্ধ করে ভেতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন।
পরদিন অনেক বেলা পর্যন্ত তাদের কক্ষের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হারিছ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসক জানিয়েছে, সারারাত রুমে আগুন জ্বালানোর কারণে অক্সিজেনের ঘাটতির কারণে তাদের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
লেবাননে প্রত্যেক বছর শীত মৌসুমে এ ধরণের ঘটনার শিকার হয়ে প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সেমিনারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে প্রবাসীদের সতর্ক করে দেয়া হয়। তারপর অসচেনতার কারণে এমন দূর্ঘটনা ঘটে থাকে।
তাদের অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং তাদের মরদেহ অল্প সময়ের মধ্যে দেশে ফেরত পাঠাতে দূতাবাসের নিকট অনুরোধ জানায়।