জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রখ্যাত সংগঠক আবু সুফিয়ান ঝিলাম কে সভাপতি ও Newslife24.com এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলুকে সাধারণ সম্পাদক করে অলাভজনক চ্যারিটি সংগঠন সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ জুলাই শনিবার পূর্ব লন্ডনে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা’র পরিচালনায় সভায় সভাপত্বিত করেন আবু সুফিয়ান ঝিলাম।
আবু সুফিয়ান ঝিলাম বলেন “ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত এবং এটা রক্ষা করার দায়বদ্ধত্ত্বতা থেকে সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র জন্ম। জন্মলগ্ন থেকে মূল লক্ষ ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে আসছে সংগঠনটি। সুন্দরবন ফাউন্ডেশন ইউ কে’র পরিধি বিস্তার এবং এটাকে আরো বেগবান করতে আমি নতুন নেতৃত্ব নতুন মুখ দেখতে আগ্রহ প্রকাশ করছি”।এ ব্যাপারে তিনি যেকোনো সহযোগিতা করার অঙ্গীকার করেন।
শুরুতেই নাহিদ নেওয়াজ রানা বলেন” সুন্দরবন ফাউন্ডেশন ইউকে একটি অলাভজনক চ্যারিটি সংগঠন। আর্থ সামাজিক উন্নয়ন, দেশের দরিদ্র মানুষের দারিদ্র বিমোচন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা, দেশের সাথে যোগাযোগ বৃদ্ধি, প্রবাসে বাংলাদেশি জাতীয় দিবস উৎযাপন, সুন্দরবন সংরক্ষণ এবং চ্যারিটি সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠণ সুন্দরবন ফাউন্ডেশন ইউ কে’র পূর্ণাঙ্গ নতুন কমিটি অচিরেই গঠন করা হবে”। তিনি আরো বলেন “বিগত সাত বছর ধরে আমি ও আবু সুফিয়ান ঝিলাম এ সংগঠনের মূল দায়িত্ব পালন করে আসছি।এখন আমরা নতুন নেতৃত্ব দেখতে চাই”। তিনি সকলকে এ ব্যাপারে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
শেখ মহিতুর রহমান বাবলু বলেন, ” সুন্দরবন খুলনার বা বাংলাদেশের অহংকার নয়। এটা গোটা বিশ্বের অহংকার। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম এটি । সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। তিনি আক্ষেপ করে বলেন “ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনকে “বিপন্ন বিশ্ব ঐতিহ্য” হিসাবে ঘোষণা করেছে। এতে ভবিষ্যতে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে” । সুতরাং সুন্দরবনকে সম্ভাব্য পরিবেশগত বিপদ থেকে রক্ষা করার জন্য সংশোধনমূলক পদক্ষেপ নিতে বর্তমান সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান এই প্রবাসী সাংবাদিক।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্য ফর্ম পূরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও আগামী ৩ অগাস্ট সংগঠনের পক্ষ থেকে একটা বনভোজন করার সিদ্ধান্ত হয়। এছাড়া ইতিমধ্যে পুনরায় নিযুক্ত সভাপতি আবু সুফিয়ান ঝিলাম ও নবনিযুক্ত সাধারণ সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু কে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পন করা হয়।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তৃতা করেন এমদাদুল হক চঞ্চল, কায়ুম হোসাইন স্বপন, মিনা জাহিদ হাসান, মাকসুদ আহমেদ সুমন, রাজিব হাসান, নাজমুল হাসান, আক্তার ইসলাম, ডলার বিশ্বাস, ফয়সাল হাবীব, প্রণব চক্রবর্তী প্রমুখ।