প্রবাস মেলা ডেস্ক: বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক এবং একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীর স্মরণে ‘কবিতাপাঠ ও আলোচনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ।
সংগঠনটির ৬৯তম নিয়মিত এ অনুষ্ঠান আগামী ২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরের ২৬ ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জাতীয় কবিতা পরিষদ জানায়, এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত আল মুজাহিদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে। অনুষ্ঠানে তাঁর জীবন, সাহিত্যকর্ম এবং জাতীয় সাংস্কৃতিক পরিসরে অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
এ উপলক্ষে মূল আলোচনা উপস্থাপন করবেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কবি রেজাউদ্দিন স্টালিন।
এছাড়া অনুষ্ঠানে দেশের বরেণ্য ও প্রতিশ্রুতিশীল নবীন-প্রবীণ কবি, আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কবিতাপাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করবেন।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এক বিবৃতিতে কবি, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং কবিতাপ্রেমী সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, কবিতা, স্মৃতি ও সৃজনশীলতার এই আয়োজনে সবার উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে।