জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের ইমপ্রেশন হলে গত ৩০ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র ২০২৫-২০২৭ মেয়াদের নবগঠিত ১৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে প্রকাশ করা হয় ‘হৃদয়ে টাঙ্গাইল’ সংকলন। শিশু শিল্পী আরিশা আনফিসা খানের প্রামাণ্যচিত্র প্রদর্শন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেডেল বিতরণ, সংগঠনের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান এবং দুইজন মৃত সদস্যকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান বর্ণাঢ্য রূপ পায়।
সমিতির নেতৃবৃন্দ জানান, অতীতের মতোই তারা গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। এর মধ্যে আইবিবিএস বাংলা স্কুলের সঙ্গে যৌথভাবে শিশুদের বাংলা শিক্ষা কার্যক্রম অন্যতম।
অনুষ্ঠানকে সফল করতে অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার জন্য সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কমিটির প্রতিটি সদস্য, উপদেষ্টা পরিষদ এবং স্পন্সরদের করতালির মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. ফাইজুর রহমান শাজাহান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু, শিবলী সহিদ খোশনোবিশ, শামীমা নাসরিন তন্নী, সৈয়দ আব্দুল আহাদ সবুজ ও কামরুল ইসলাম সৈকত।
উদ্বোধনী বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও প্যারেন্টিং কনসালটেন্ট ড. মোহাম্মদ আব্দুল বারি এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম সহিদ, আওয়াল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইখলাসুজ্জামান খান টুটুল ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
এছাড়াও বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধারা এবং অতিথি হিসেবে উপস্থিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র, কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কানায় কানায় পূর্ণ হলরুমে উপস্থিতরা মনে করেন, এটি টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র সাংগঠনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডিনার ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেকের পরিসমাপ্তি ঘটে।