প্রবাস মেলা ডেস্ক: চলতি প্রজন্মের সুহাসিনী অভিনেত্রী রোমানা স্বর্ণার বছর শুরু হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে। গত ২ জানুয়ারি গাজীপুরে বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে বছর শুরু করেছেন তিনি। কেএনবি ফিডের বিজ্ঞাপনটি নিয়ে ইতিবাচক রোমানা।
রোমানা বলেন, একটি পোলট্রি ফিডের বিজ্ঞাপন করলাম। গ্রামীণ প্রেক্ষাপটে কাজটি করেছি। আমার ভাল লেগেছে। আশা করছি দর্শকও কাজটি পছন্দ করবে।
রোমানা জানান বছরের প্রথম দিন তার ভাল কেটেছে। বিজ্ঞাপনটির প্রস্তুতি নিতেই অধিকাংশ সময় অতিবাহিত হয়েছে। রোমানার সাথে বিজ্ঞাপনে ফারুক আহমেদ ও ডা: এজাজকে দেখা যাবে।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ খান রিজভী। চলতি মাসেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে জানান লাস্যময়ী রোমানা।
প্রসঙ্গত, বর্তমানে রোমানা স্বর্ণা অভিনীত ধারাবাহিক ‘ট্রাফিক সিগনাল’ আরটিভিতে প্রচারিত হচ্ছে। এছাড়াও তিনি ব্যস্ত আছেন শর্ট ফিল্ম ও খন্ড নাটকের কাজে।