প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়জয়কারের মধ্যে চার বাংলাদেশি-আমেরিকানেরও বিপুল বিজয় হয়েছে। তাঁরা সবাই হচ্ছেন যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি-আমেরিকান ফেডারেল পর্যায়ে (যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি সভা) নির্বাচিত হতে পারেননি। নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)।
এ ছাড়া ডেমোক্রেটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। একই স্টেটে সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মো. মাসুদুর রহমান। পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহামে গৃহীত ভোটের ৬৭ শতাংশ পেয়েছেন।
অন্যদিকে জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ৬৭.৬ শতাংশ ভোট পেয়েছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান। এই চার বাংলাদেশি-আমেরিকানের বিজয়ে প্রবাসীরা উল্লাস করছেন।