প্রবাস মেলা ডেস্ক: বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টারশেল এসে পড়েছে। এ সময় সেগুলো বিস্ফোরিত হয়নি। এরই মধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টারশেল দুটি ঘিরে রেখেছেন। সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
রোববার (২৮ আগস্ট ২০২২) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে ওই মর্টারশেলগুলো এসে পড়ে। এ সময় হতাহতের ঘটনা ঘটেনি।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ গণমাধ্যমকে জানান, ওপারে গত দুই সপ্তাহ ধরে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জেনেছি, রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টারশেলগুলো পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, ঘুমধুমের তুমব্রু উত্তর পাড়ায় ভারী অস্ত্র নিক্ষেপ করেছে মিয়ানমার সেনাবাহিনী। মর্টারের গোলা ১২০এমএমইউ০০.৮০‘০৬ মডেলের।
এ বিষয়ে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জানান, মিয়ানমার সীমান্তে ওদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে ঝামেলা চলছে। আমরাও বিষয়টি জেনেছি। যা কিছু ঘটছে, মিয়ানমারের অভ্যন্তরে। আমরাও সতর্ক আছি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে পড়া মর্টারশেল দুটো বিস্ফোরিত হয়নি। এ ঘটনার পর আশপাশের স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
সূত্র: আরটিভি