মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭৫ জন অভিবাসী আটক হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া ও মিয়ানমারের ২৮ নারিও রয়েছে।
অভিবাসন বিভাগের জোহর রাজ্যের ডিরেক্টর মো: রুশদি মো: দারুস জানান, গত মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক। প্রথম অভিযানটি বিকেল তিনটায় জোহর বারুর পাইকারি বাজার পান্দানে চালানো হয়। সেখানে ২০টি প্রতিষ্ঠানের ৬৬ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে আটক দেখানো হয়। দ্বিতীয় অভিযানটি চালানো হয় রাত ১২:৩০ মিনিটে বান্দার বারু পারমাস জায়ায়। সেখানে ৯টি দোকানে ৬৪ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৪০ জনকে আটক দেখানো হয়।
আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ৯ নারিসহ ৩০ জন মিয়ানমার, ১৯ নারিসহ ৩০ জন ইন্দোনেশিয়া, ২ জন পাকিস্তান ও ২ জন ভিয়েতনামের নাগরিক।
আটকের পর তাদের সেতিয়া ট্রোপিকা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়। সেখানে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।