কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদিআরবে পবিত্র উমরাহ হজ পালন করতে সৌদি আরবের মদিনা মনোয়ারা পৌঁছেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ২২ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সময় রাত ১০টায় মদিনা প্রিন্স মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে মো. তাজুল ইসলামকে এ সময় ফুল দিয়ে সংবর্ধনা জানান বৃহত্তর কুমিল্লা প্রবাসী আওয়ামী পরিবার এবং আওয়ামী কমিউনিটির নেতৃবৃন্দরা। একইসঙ্গে ফুল দিয়ে স্বাগত জানান রিয়াদ থেকে আগত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।
এ সময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মোস্তফা জামিল, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ও মক্কা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ হোসাইন, রিপন, সেলিমসহ স্থানীয় আওয়ামী নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
মদিনা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ বিশ্রাম করে মদিনা হোটেলে যান তাজুল ইসলাম। এদিন রাতেই মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন স্থানীয় সরকার মন্ত্রী। পবিত্র মক্কায় উমরাহ হজ পালন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।