প্রবাস মেলা ডেস্ক: ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ এর অভিনেত্রী ও মডেল তানিন তানহা। এ সময় তিনি আগামী ২৭ অক্টোবর রবিবার সিঙ্গাপুর পলিট্যাকনিক কনভেনশন সেন্টারে (spcc) এ অনুষ্ঠিতব্য একটি সঙ্গীতসন্ধ্যায় অংশগ্রহণ সহ নানান বিষয়ে প্রবাস মেলা কলাকুশীলদের সাথে কথা বলেন।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তানিন তানহা। ২০১৪ সালে অনেকটা কৌতূহল থেকেই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান তিনি। প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন তানিন।

অভিনেত্রী তানিন তানহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাও সমান জনপ্রিয়। এছাড়াও তিনি
মিউজিক ভিডিও, মডেলিং এবং উপস্থাপনায়ও বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।
‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিন তানহা। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয়াঙ্কা’। এছাড়া হোসনে মোবারক রুমি পরিচালিত সরকারি অনুদানে নির্মিতব্য ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ চলচ্চিত্রেও কাজ করছেন তানিন তানহা।
তানিন তানহা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘কারসাজি’, ‘লাইফ ইন এ মেট্টো’, ‘মেঘে ঢাকা শহর’, ‘ফাঁদ’, ‘শুকনো পাতার নূপুর’ ‘আপন মানুষ’ প্রভৃতি। তিনি আইফ্লিক্স এবং টেলিফিল্মে কাজ করেও দর্শকদের বেশ সাড়া পেয়েছেন বলে জানান।
আলাপচারিতায় তানিন জানান, বর্তমানে মডেলিং, সিনেমা ও সিরিয়াল নাটকে ব্যস্ত সময় যাচ্ছে তার।এছাড়া আগামী ২৭ অক্টোবর রবিবার ‘নৃত্য গীতের ছন্দে, আজি ভরা আনন্দে’ স্লোগানে সিঙ্গাপুর পলিট্যাকনিক কনভেনশন সেন্টারে (spcc) অনুষ্ঠিতব্য প্রবাসীদের একটি ‘শো’তে উপস্থাপনার দায়িত্ব পালন করবেন বলে জানান এই অভিনেত্রী। প্রবাসে বাংলা গান ও সংস্কৃতির ছোঁয়া দিতে ডিএমইএবিএস (DMEABS) এর আয়োজনে উক্ত সঙ্গীতসন্ধ্যায় বাংলা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, প্রিয়াঙ্কা বিশ্বাস সহ দেশের নামকরা অনেক সঙ্গীতশিল্পী এবং নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
শেষে প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে হালের লাস্যময়ী অভিনেত্রী তানিন তানহা ফটোসেশনে অংশ নেন।