আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ৩০ ডিসেম্বর ২০২২ প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এখন থেকে যেকোনো সমস্যা নিরসনে এই হেল্প ডেস্কের সহায়তা নিতে পারবে প্রবাসীরা। তাছাড়া এই সার্ভিস সেন্টার থেকে বিদেশগামীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করা হবে। ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সাথে নিয়ে হেল্পডেস্ক উদ্ধোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা।

এর পূর্বে চট্টগ্রামে এই পুলিশ কর্মকর্তা প্রথম হেল্পডেস্ক চালু করেছিলেন যেই হেল্প ডেস্কটি এখনো চট্টগ্রামে প্রবাসীদের বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে। তিনি সবসময় প্রবাসীদের জন্য কিছু করতে চান। তারই একটি উদাহরণ এই হেল্প ডেস্ক। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা প্রবাসে খুব কষ্ট করে খাটা খাটনি করেও নিশ্চিন্তে ঘুমাতে পারে না। কারণ দেশে কোন না কোনভাবে তাদের আত্মীয় স্বজন নানান সমস্যায় থাকেন। এধরনের অনেক নজির মিডিয়াতে সবসময় আলোচিত হয়। প্রবাসীদের জন্য কিছু করার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্যই তার প্রচেষ্টায় প্রবাসী হেল্প ডেস্ক চালু করার মহতি উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসী হেল্পডেস্ক উদ্বোধনকালে তিনি রংপুর অঞ্চলের প্রবাসীদের নির্বিঘ্নে হেল্প ডেস্কের সহয়তা নেয়ার আহবান জানান এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা যেন এই হেল্প ডেস্কের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন বা যেকোনো পরামর্শ নিতে পারেন। এই হেল্প ডেস্কের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে নাম্বারে প্রবাসীরা যে দেশেই থাকুক, সে দেশ থেকে তার সমস্যার বৃত্তান্ত লিখে জানাতে পারবেন। তখন পুলিশ চেষ্টা করবে যত দ্রুত সম্ভব তার সমস্যার সমাধান করার।

তাছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ যারা বক্তব্য রেখেছেন তাদের প্রত্যাশা এই হেল্পডেস্ক প্রসঙ্গে প্রবাসীদের সচেতন করে তুলতে প্রবাসে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের সহয়তা থাকবে। এই সংবাদটি তারা তাদের সাধ্যমত প্রচার করবে।
উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশ অফিসারগণ তাদের বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু, আপনাদের যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নিন, পুলিশের কাছে আসুন, পুলিশ সব সময় আপনাদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। পুলিশ এবং জনগণের মধ্যে একটি ভালো সম্পর্ক দেশের নানান রকম সমস্যা দূর করতে অনেক সহায়ক।

এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, এই হেল্প ডেস্ক একদিক দিয়ে মাইল ফলক। এই হেল্প ডেস্ক যত দ্রুত সম্ভব প্রবাসীদের সমস্যার সমাধান করতে চেষ্টা করবে বলে তারা মনে করেন। তাদের বক্তব্যে উঠে এসেছে নানা কথা। যেমন: প্রবাসীদের দেশে থাকা জায়গা জমি, ঘরবাড়ি, নিজ জেলার মানুষের দ্বারা এবং আত্মীয় স্বজনের দ্বারা দখল হয়ে যাচ্ছে তাদের এসব জমিজমা ঘর বাড়ি, আবার নিজের দখলে আনতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বলে তারা জানান এবং নিরাপত্তাহীনতায় ভোগে এই সকল প্রবাসী তাদের স্ত্রী, সন্তান, মা বাবা, নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রবাসে থাকার কারণে বিভিন্ন রকম কাগজপত্রের প্রয়োজন হয় তাদের। দেশে আসলে সেসব কাগজপত্র যোগাড় করতে করতে তাদের কয়েক মাস লেগে যায়। দেখা যায় তাদের আবার বিদেশে ফিরে যাওয়ার সময় এসে যায়। এসব বাস্তব কিছু অভিজ্ঞতা থেকেই প্রবাস বান্ধব কমিশনার নুরে আলম মিনা’র রংপুর মেট্রোপলিটন পুলিশ এই মহতী উদ্যোগকে তারা সাদরে গ্রহণ করেছেন। অবশ্য এই উদ্যোগের পরামর্শদাতা এবং উদ্যোক্তা ছিলেন প্রবাস বান্ধব সিনিয়র সাংবাদিক, অনলাইন পোর্টাল প্রবাস যাত্রার প্রধান সম্পাদক, প্রবাসীদের পরম বন্ধু এজাজ মাহমুদ।

৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধনকালে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভিন। সাংবাদিক এজাজ মাহামুদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র প্রেসিডেন্ট শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ইতালি প্রবাসী সাংবাদিক চ্যানেল ইউরোপের কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্টর ও প্রবাস মেলা’র ইতালি প্রতিনিধি আঁখি সীমা কাউসার, সাংবাদিক সাগর চৌধুরী, মাহফুজ আনাম, আশরাফুল ইসলাম, কানাডা টরন্টো’র চিত্র পরিচালক নাদিম মাহামুদ।