প্রবাস মেলা ডেস্ক: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের জন্য ৪২ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে সরকার। বিদেশে গিয়ে পরিশ্রম করে আয় করা অর্থ বৈধভাবে বাংলাদেশে পাঠিয়ে এ খেতাব পেলেন ৩৬ জন প্রবাসী। ৬ জন বিদেশে থেকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে ওই সব দেশে বিক্রি করে এ তালিকায় জায়গা পেয়েছেন। ৩ নভেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।
সিআইপি হিসেবে নির্বাচিতরা হলেন ইউএই প্রবাসী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, ওলিউর রহমান, আবুল কালাম, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ ফরিদ আহমেদ, এ এইচ এম তাজুল ইসলাম, মোহাম্মদ আখতার হোসাইন, মোহাম্মদ আলী ও আব্দুল করিম, ওমানপ্রবাসী মোহাম্মদ গোলাম কবির ভুইয়া, মোহা. মোছাদ্দেক চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, মোহাম্মদ আবু সাইদ, মো. রফিকুল আলম, মোহাম্মদ বাছা মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আশরাফুর রহমান, মোহাম্মদ বেলাল, কাজী শফিকুল ইসলাম, মো. তৌফিকুজ্জামান ও মো. ইলিয়াস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল করিম, সায়ান জুবায়ের, রাশিয়া প্রবাসী, এস এম পারভেজ তমাল ও খান আহেদুজ্জামান, কাতার প্রবাসী মোহাম্মদ আবু তালেব, আব্দুল আজিজ খান ও আবদুল হক, অস্ট্রেলিয়াপ্রবাসী শহিদ হোসাইন জাহাঙ্গীর, কানাডা প্রবাসী এম মনিরুজ জামান ও মিসেস শাহনিমা জামান, হংকং প্রবাসী তানভীর শাহরিয়ার গণি, জাপান প্রবাসী কাজী সারওয়ার হাবীব, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জেড ইউ সাইদ, চীনাপ্রবাসী মো. সেলিম মিয়া এবং যুক্তরাষ্ট্র প্রবাসী নেহাল রয় রহিম।

এ ছাড়া বাংলাদেশি পণ্যের সর্বাধিক আমদানিকারক ক্যাটাগরিতে নির্বাচিত ছয় সিআইপি হলেন ইউএইপ্রবাসী মোহাম্মদ সেলিম, নুরুল আলম, রাশিয়াপ্রবাসী মো. ফিরোজুল আলম খান, কুয়েত প্রবাসী আবুল কাসেম, মালয়েশিয়া প্রবাসী মো. আখতার হোসাইন এবং যুক্তরাজ্য প্রবাসী ফারজানা হোসাইন নিলা।
উল্লেখ্য, রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান করে সিআইপি হওয়া ব্যক্তিদের সনদ, পরিচয়পত্র ও ক্রেস্ট দেয় সরকার। এ ছাড়া প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতই সুযোগ-সুবিধা পাবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমাণ, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। সিআইপিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চ্যামেলী ব্যবহার ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন।