রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে মোমেন ফ্রান্স আগমন উপলক্ষে ‘জালালাবাদ এসাসিয়েশন ফ্রান্স’ শাখার উদ্যোগে ২০ অক্টোবর রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্থানীয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি খসরুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে মোমেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনাম উদ্দিন খালিক, নাজিমউদ্দিন, ওয়াহিদ বার তাহের, সালেহ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, আশরাফ ইসলাম সহ আরো অনেকে।

পরে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, ফ্রান্স বাংলা স্কুল সহ আরো বিভিন্ন সংগঠন মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ সময় বক্তারা প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রবাসীদের সরকারি খরচে দেশে লাশ পাঠানো বিমানবন্দরের হয়রানি, জাতীয় সংসদে প্রবাস কোটা সহ আরো বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে মন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা প্রবাসীদের নিয়ে কাজ করছি। প্রবাসীদের সুখ দুঃখে বাংলাদেশ সরকার সবসময় পাশে থাকবে এবং ফ্রান্স প্রবাসীদের সকল দাবি কার্যক্রম করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।
এসময় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের বিগত বছরের উন্নয়নগুলো তুলে ধরেন এবং বাংলাদেশে দিন দিন দারিদ্রতার হার কমছে বলে জানান। মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সোনার বাংলা হয়ে উঠবে যেখানে কোন দারিদ্র্য থাকবনা সকলেই সুশিক্ষায় শিক্ষিত হবে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে।