ইঞ্জিনিয়ার আ ই সেলিম মল্লিক
দ্রোহের এক সৈন্য আমি নিত্য কামি আসুক নেমে ঝঞ্ঝা যত,
একা সব যাবো নাশে সৎ সাহসে দেখবো তাহার শক্তি কত।
করিনা কিছুতে ভয় করবো বিজয় আকাশ পাতাল মর্ত্যটারে,
আমি এক অগ্নিকণা ভয় করিনা দীপ্ত শপথ এ অন্তরে।
ওরে ও সুখের সাথি হও সারথি আর কতকাল থাকবে ঘুমে,
কলমের তীক্ষ্ণ আঁচে যাকনা ঘোচে বিশ্বমাতার চরণ চুমে।
ওরে ও কলম সেনা ভয় করোনা এগিয়ে চলো ঝড়ের বেগে,
অসি নয় মসি ধরো সজাগ করো ভুবনটা ফের উঠুক জেগে।
বিবেকের ঘুম ভাঙিয়ে দাও জাগিয়ে আধমরা সব বিবেকগুলি,
অমিয় পান করে সে সতেজ বেশে ফুটুক হয়ে গোলাপ কলি।
কলমের অগ্নি সেনা আর থেকোনা জুলুম দেখেও চুপটি করে,
সত্যের লড়াই করো পাঞ্জা লড়ো বীরের বেশে অকাতরে।
অশুভ শক্তি যত অবিরত মানবতার করছে ক্ষতি,
বিবেকের চক্ষু খুলে মানব দিলে জ্বালাও মানবতার বাতি।
হাতে হাত রেখে সবে দীপ্ত রবে সমঝোতার সমাজ গড়ো,
তোমরা তরুণ সেনা কেন বুঝনা বৃথাই কেন ভেঙে পড়ো।
(সভাপতি, কলম সাহিত্য সংসদ লন্ডন, ময়মনসিংহ জেলা শাখা)।