প্রবাস মেলা ডেস্ক: শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ৫৪টি যৌথ নদীর উজানে পানি প্রত্যাহারের কারণে সৃষ্ট পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয় নির্ণয় ও তা জনসমক্ষে আনার জন্য বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছেন পানি বিশেষজ্ঞ ও কর্মীরা।
সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে পানি বিশেষজ্ঞরা বলেন প্রতিবেশীসুলভ সম্পর্কের খাতিরে বহুদিনের নিরবতা পরিহার করে আওয়াজ তুলতে হবে, কারণ এই মানবসৃষ্ট বিপর্যয়ের জন্যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বিলীন হয়ে অর্থনীতি, কৃষি, মৎস সম্পদ, নৌপরিবহন, শিল্প, বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ধংস হাওয়ায় মানুষ পেশা ত্যাগ করে দেশান্তরী হচ্ছে।
বাংলাদেশের পরিবেশগত বিপর্যয়ের প্রতিকার বিষয়ে টাসিং সোলস ইউএস-এর অর্থায়নে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, নিউইয়র্ক আয়োজিত উক্ত সম্মেলনের উদ্ভোদনী প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন আইএফসি নিউইয়র্ক চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান। পরিচালনা করেন আইএফসি বাংলাদেশ সভাপতি মোস্তফা কামাল মজুমদার।
দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ, ভারত, নেপাল, কানাডা ও যুক্তরাষ্ট্রের পানি বিশেষজ্ঞ ও কর্মিরা।
বক্তারা বলেন উজানে অসহনশীল পানি প্রত্যাহারের ফলে তিস্তা অববাহিকাসহ বাংলাদেশের কিছু এলাকায় প্রতি বছর কয়েক দফা মারাত্মক বন্যা হয়, মেঘনা ও গংগা অববাহিকায় ঘুরে ফিরে প্লাবন বিপর্যয় আসে, আর অন্যত্র প্লাবনভূমি গুলো শুকনা থেকে যায় নাহয় স্বাভাবিকের চেয়ে কম প্লাবিত হয়। গত আগষ্টে ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত ডম্বুর জলাধারের পানি বিনা নোটিশে হঠাৎ ছেড়ে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলে এক প্রলয়ঙ্কারী বন্যা আঘাত হানে যা বিগত ৪০ বছরেও দেখা যায়নি।
উক্ত সম্মেলনে বিশেষজ্ঞরা যৌথ নদীর ব্যবস্থাপনার জন্য বহুপাক্ষিক সংস্থা গঠনের প্রস্তাব করেন যেন প্রাকৃতিক নদী গুলোকে রাজনৈতিক সীমারেখায় ভাগ করে ফেলা না হয়, ভাটি অঞ্চলের মানুষের ওপর এমনকি নদীগুলোর ওপর তার বিরূপ প্রতিক্রিয়া কথা না ভেবেই।
কয়েকটি প্রস্তাবনা গৃহীত হওয়ার মাধ্যমে দিনব্যাপি সম্মেলন শেষ হয়। প্রস্তাবনায় সরকারকে আহ্বান জানানো হয় যে, ভারত, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে মিলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি কমিশন গঠন করে যৌথ নদীগুলোর স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহবান জানানো হয়।
এছাড়া, বর্তমান গঙ্গা চুক্তি ২০২৬ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় একটি নতুন ও ন্যায্য গঙ্গা চুক্তি করারও আহ্বান জানানো হয়, যাতে সারা বছর ধরে গ্যারান্টিযুক্ত পানিপ্রবাহ নিশ্চিত হয়।
সম্মেলন থেকে সরকারকে এসব দুর্যোগ মূল্যায়ন করে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনসমক্ষে উপস্থাপন করতে আহ্বান জানানো হয়।
সবশেষে, হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর টেকসই ব্যবস্থাপনার জন্য একটি বহুপক্ষীয় ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে অববাহিকার সকল দেশ ন্যায্যভাবে উপকৃত হতে পারে এবং নদীগুলো নিজে নিজেই বাঁচার মতো যথেষ্ট পানি পায়।