প্রবাস মেলা ডেস্ক: পহেলা জুলাই থেকে ৫ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগের কথাও জানান তিনি।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে এমপিদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড’ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উক্ত প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে ৫টি জেলার (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রমবাজার সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়া, থাইল্যান্ডে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, নদী শাসন ব্যয়বহুল কাজ। এর তুলনায় কম খরচে খাল খনন করা যায়; সরকার সেটির ওপর গুরুত্ব দিচ্ছে। তাছাড়া কুয়াকাটার কয়েকটি উপজেলা নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা রয়েছে সরকারের।
হাই-টেক বা সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপ্যাল-এর কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।