প্রবাস মেলা ডেস্ক: শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছেন। দেশের শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে শিক্ষকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে।
তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে। এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। ডিজিটাল এডুকেশন ব্যবস্থার প্রসার ঘটাতে সবাইকে অনলাইন শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে শিক্ষা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে স্কুলগুলোকে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই পরিচালনার দিকে এগোচ্ছে সরকার।