অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সিউলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২১, সোমবার কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে দিবসটি পালন করা হয়।
চলমান সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানে শিশু-কিশোর ছাড়াও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবার এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব মো: দেলোয়ার হোসেন কর্তৃক শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলসহ জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য সদস্য বৃন্দের আত্মার শান্তি কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। অনুষ্ঠানে শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ আলোচনা পর্বে অংশগ্রহণ করেন এবং শেখ রাসেলের স্মৃতিচারণ করেন।
উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের পর শিশু-কিশোরদের অংশগ্রহণের মাধ্যমে শেখ রাসেল, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন এর আয়োজন করা হয় এবং এতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: দেলোয়ার হোসেন পরবর্তীতে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রাষ্ট্রদূত বলেন, শেখ রাসেলের জীবন আমাদের জন্য বিশেষত শিশু-কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয়। শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের নিরাপদে বেড়ে ওঠা ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশ নিশ্চিত করতে তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অতঃপর তিনি শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উৎফুল্ল শিশু-কিশোরদের সাথে কেক কাটেন। শেষে বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।