অসীম বিকাশ বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে: দক্ষিণ কোরিয়াতে জুলাই থেকে সারাদেশে ৫ থেকে ৪৯ জন কাজ করে এমন শিল্প প্রতিষ্ঠানগুলোতে ৫২ ঘন্টা সাপ্তাহিক কর্ম সময় চালু করেছে দেশটির সরকার। ১ জুলাই, ২০২১ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একজন শীর্ষ অর্থনৈতিক নীতি নির্ধারক জানান, সরকার ৫২ ঘন্টা সাপ্তাহিক কর্ম সময় বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প-কারখানায় শ্রমিক নিয়োগ সহজীকরণ সহ বিভিন্ন সহায়তা দেওয়ার পরিকল্পণা রয়েছে। ২০১৮ সালের জুলাইয়ে এই কার্যক্রম শুরু হলেও দেশটি পর্যায়ক্রমে ৫২ ঘন্টা সাপ্তাহিক কর্ম সময় কার্যকর করেছে। আর দীর্ঘ কর্ম সময়ের জন্য সুপরিচিত এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশে, সাপ্তাহিক ভিত্তিতে গড় ৫২ ঘন্টা কর্মসময় তুলনামূলক কম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকার নতুন কর্মী নিয়োগের পরে কর্মসংস্থান বজায় রাখার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে দুই বছর পর্যন্ত প্রতিমাসে ১.২ মিলিয়ন ওন ভতুর্কি প্রদানেরও পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও অর্থনীতি সম্পর্কিত একটি সরকারি সভায় অর্থমন্ত্রী হিয়ং নাম কি বলেছেন,সরকার যত তাড়াতাড়ি সম্ভব ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে সাপ্তাহিক কর্মসময় প্রকল্পের আওতায় আনার জন্য চেষ্টা করবে। সরকার প্রথমে যেসকল শিল্প প্রতিষ্ঠানে বিদেশী কর্মী নিয়োগে জটিলতা দেখা যায়, বিশেষ করে বিভিন্ন প্রদেশে অবস্থিত শিল্প কারখানায় বিদেশি শ্রমিক প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে।