নাহিদা আশরাফী
তোমাকে ভেবেছি
তাতেই নীরব নদী, জল, উপকূল
কে জেনেছে কবে
ভাবনাতে এত অবাক হুলস্থুল।
তোমাকে দেখেছি
তাতেই ভাসলো জমি, ভাসলো দ্রোহ
কে জেনেছে কবে
দৃষ্টিতে এত জলের সমারোহ।
তোমাকে বলেছি
তাতেই যুদ্ধ, রায়ট সর্বগামী
কে জেনেছে কবে
কথার প্রলয় ধর্মের চেয়ে দামী
তোমাকে ছুঁয়েছি
তাতেই পুড়লো ঘর, পুড়লো দেবালয়।
কে জেনেছে কবে
স্পর্শে এত আগুন জুড়ে রয়?