প্রবাস মেলা ডেস্ক: কুমারখালীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন কুষ্টিয়া- ৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকায় কর্মরত কুমারখালী-খোকসা’র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় খোকসা-কুমারখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
ডা. উজ্জ্বল রায় এর পরিচালনায় মতবিনিময় সভার সমন্বয়ক ছিলেন রঞ্জক রিজভী (কুমারখালী) ও মনিরুল ইসলাম মনি (খোকসা)।

মতবিনিময় সভায় কুমারখালীর মেয়র সামসুজ্জামান অরুণ, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, একুশে টেলিভিশনের হেড অব ইনপুট অখিল পোদ্দার সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুষ্টিয়া জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।