ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯” যথাযোগ্য মর্যাদায় কনস্যুলেট প্রাঙ্গণে উদযাপিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে।”
১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার সকাল ৮টায় অভিবাসীগণকে সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়। প্রবাসীদের উত্থাপিত প্রশ্নের জবাব কনস্যুলেটের কর্মকর্তাগণ প্রদান করেন। মান্যবর কনসাল জেনারেল উপস্থিত প্রবাসীদের সমস্যাগুলো শ্রবণ করে যথাবিহিত ব্যবস্থা নেবার আশ্বাস দেন। কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসীরা প্রশংসা করে বলেন, এখন কনস্যুলেটের পরিবেশ অনেক ভাল ভবিষ্যতেও যাতে এই রকম বজায় থাকে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ ব্যক্ত করেন।

অতঃপর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরিশেষে মান্যবর কনসাল জেনারেল এর সমাপনী বক্তব্য এবং বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারী, জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পাশাপাশি কনস্যুলেট কর্তৃক পরিচালিত জেদ্দা ও মদিনায় অবস্থিত দু’টি সেইফ হাউজে দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।