রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানের আম্মানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের অংশগ্রহণে আয়োজিত আন্তঃদূতাবাস ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ দূতাবাস অংশগ্রহণ করে। সৌহার্দপূর্ণ পরিবেশে আয়োজিত উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন দূতাবাস, জাতিসংঘের সংস্থাসমুহ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অংশগ্রহণ করে।
বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ সফলতা অর্জন করে। জর্ডানে বৈশ্বিক করোনা মহামারী জনিত বিধি নিষেধের পর সম্প্রতি সকল কার্যক্রম উম্মুক্ত করনের পর ব্রিটিশ দূতাবাস কর্তৃক আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ দূতাবাসের সাফল্যজনক অংশ গ্রহন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে বিশেষ সহায়ক হবে।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস দ্বিপাক্ষিক কূটনৈতিক কার্যক্রমের পাশাপাশি অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকূটনীতিকে বেগবান করার লক্ষ্যে বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রম পালন করে থাকে। অতি সম্প্রতি শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন এবং আন্তঃদূতাবাস ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ বাংলাদেশ দূতাবাসের এই ধরনের কার্যক্রমেরই সফল বাস্তবায়ন।