প্রবাস মেলা ডেস্ক: সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট অ্যাপস ব্যবহার করে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন।
সোমবার (২৯ জুলাই) রাত ১২টা থেকে এ কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষদের। অনেক তারকাকেও ফেসবুক প্রোফাইলে ছবি পরিবর্তন করছে। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁওসহ সারাদেশব্যপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্রসমাবেশ সফল হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিসমূহের সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা।
বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসাসহ সব শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে আবেদন, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা এ কর্মসূচি সফলে সহযোগিতা করুন।
এ ছাড়াও বলেছেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।