প্রবাস মেলা ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন তিনি। তবে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে তার। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই অভিনেতা। ৬ নভেম্বর ২০২১, বুধবার রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুকে এক স্ট্যাটাসে নায়ক নাঈমের জন্য দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক নাঈম ভাইয়ার গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছে। আপনারা সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’
ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসাসফল। তারা জুটি বেঁধে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি।
চলচ্চিত্রে কাজের সুবাদে নাঈম-শাবনাজ একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন। পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ভালোবেসে ঘর বাঁধেন তারা। তাদের ঘরে রয়েছে দুই কন্যা সন্তান নামিরা ও মাহদিয়া। সাফল্যের চূড়ায় থাকতেই এই জুটি একসঙ্গে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান।
বর্তমানে নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন করটিয়া জমিদার বাড়ির সন্তান। কৃষিকাজের ছবি অনেক সময়ই ফেসবুকে আপলোড করেন তিনি। অন্যদিকে তার সহধর্মিণী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন।