প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত হলো মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) রাত ৮টায় শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
ফাইনালে এসএসসি ব্যাচ ২০১৫ ও এসএসসি ব্যাচ ২০১৬ মুখোমুখি হয়। চূড়ান্ত ম্যাচে দুর্দান্ত খেলোয়াড়ী নৈপুণ্যের মাধ্যমে এসএসসি ব্যাচ ২০১৫ প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ লড়াই শেষে দুটি ব্যাচ ফাইনালে উঠলে খেলা পরিণত হয় এক জমজমাট প্রতিযোগিতায়। ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী দর্শক।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে মামুন ইমতিয়াজ বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর ও মনের বিকাশ ঘটায় না, এটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে ইনশাআল্লাহ।”