শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২টি দেশের সঙ্গে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীরা যেমন নিজস্ব কর্মস্থলে ফিরে আসতে পারবেন তেমনি কুয়েত থেকে নিজের দেশে পরিবার-পরিজনদের কাছে ফিরে যেতে পারবেন তারা। কুয়েত সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
করোনার সংক্রমণ রোধে ১৬ মাস ফ্লাইট বন্ধ রাখার পর আবারও ১২টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে কুয়েত। ৫ জুলাই ২০২১, সোমবার এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসের প্রথম থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, ফ্লাইট চালু হলে দেশে আটকেপড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন এবং কুয়েতে থাকা প্রবাসীরা দেশে পরিবার পরিজনদের কাছে যেতে পারবেন। প্রবাসীরা বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, বিমানের ফ্লাইট যেন চালু করা হয়। কুয়েত ইতোমধ্যে ১২ দেশে টিকা ফ্লাইট চালু করেছে।
ফ্লাইট চালু করলেও করোনা টিকার দুই ডোজ যারা নেয়নি তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। উপসাগরীয় দেশটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে।