রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: কুয়ালালামপুরের বাংলাদেশ হাই-কমিশনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় হাই কমিশনার মহ: শহীদুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহরাব হোসেন।

দূতাবাসের শ্রম কাউন্সেলর হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. মশিউর রহমান তালুকদার এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর মো. রাজিবুল আহসান।
হাই কমিশনার মহ. শহীদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, “স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে (১৬ ডিসেম্বর) বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। তবে বিজয় অর্জন করলেও এবার পূর্ণাঙ্গভাবে অর্থনৈতিক মুক্তির জন্য আরও কাজ করতে হবে।”

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।