হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ কমিউনিটির সর্বজন প্রিয়মুখ জনাব কামাল আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক সাদিয়া ফয়জুননেসা গভীরভাবে শোকাহত। তিনি শোক বার্তায় বলেন, নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বৃহত্তম আমব্র্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব কামাল আহমেদ ৫ এপ্রিল, ২০২০ ভোর ৪:৩০ ঘটিকায় এ্যালমার্স্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা জনাব কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন। তিনি বলেন, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, এমপি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জনাব মাসুদ বিন মোমেন, মাননীয় পররাষ্ট্র সচিব জনাব কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জনাব কামাল আহমেদ তাঁর নিজ কর্মগুণে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যু সকলের জন্য একটি অপূরণীয় ক্ষতি। প্রবাসীদের কল্যাণে তিনি সবসময় বাংলাদেশ কনস্যুলেটের সাথে যোগাযোগ রাখতেন এবং সহযোগিতা করতেন। অত্যন্ত অমায়িক, প্রচারবিমুখ ও নিরহংকার ব্যক্তি কামাল আহমেদ দীর্ঘদিন যাবত প্রবাসীদের বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন। বাংলাদেশ কমিউনিটিতে মরহুম কামাল আহমেদ এর অবদানের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।