জাহাঙ্গীর হোসেন, তুলুজ, ফ্রান্স:
আধুনিকতার বাতাস আজ
লেগেছে ভিক্ষার ঘরে
ভিক্ষা চলে সমান তালে
দেশের সর্বস্তরে।
ভিক্ষাবৃত্তি নানান জাতের
যৌতুক রকমারি
ভূখারা সব বেসরকারি
শিক্ষিতরা সরকারি।
ভুখারা সব ভিক্ষা করে
চুলোয় আগুন দিতে
শিক্ষিতরা ভিক্ষা করে
আভিজাত্য নিতে।
অফিস পাড়ায় ভিখারীরা
দামী টেবিল পেতে
অপেক্ষায় প্রহর গুনে
মোটা ঘুষ খেতে।
অসহায়ের ভিক্ষা নেয়
ভিক্ষুক অস্ত্রধারী,
নানান জাতের ভিক্ষুকেরা
জাতির মহামারী।