প্রবাস মেলা ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়ার বরাত আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম। অশিক্ষিত-পাগলসহ নানা ধরনের মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনেছেন তিনি।
এ ব্যাপারে অভিযোগ দেয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। পরে সেখান থেকে চলে যান আদালতে। আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বিএনপি নিতা রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেন আদালতে।
৬ আগস্ট ২০২৩, রবিবার দুপুর ৩টা ৪০ মিনিটে গণমাধ্যমকে নিশ্চিত করেন হিরো আলম। এ সময় তিনি বলেন, ‘আমি আদালতে গিয়েছিলাম। সেখানে রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেছি।’
হিরো আলম আরও বলেন, ‘আদালত থেকে আমাকে বলা হয়েছে, আগামীকাল সোমবার (০৭ আগস্ট) সকাল ১০টায় মামলার আবেদনের শুনানি হবে। আর এখন মামলার ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি।’
এর আগে হিরো আলম সংবাদমাধ্যমকে জানান—বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে অভিযোগ করতে ডিবিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ডিবি জানিয়েছে, তারা সরাসরি কোনো মামলা নিতে পারে না। এ কারণে কোর্টে মামলা করতে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।