প্রবাস মেলা ডেস্ক: এক বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘ভালোবাসা আমার পর হয়েছে’- শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে। রুনা লায়লায় সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান। আবারো মিউজিক ভিডিওতে আসছেন তিনি। তবে এবার আর একা নন, সঙ্গে আছেন ১৫ জন পথশিশু। এরইমধ্যে পথশিশুদের নিয়ে ‘এসেছে দুর্গা মা’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন নওশাবা। গানটির রচয়িতা রুবাইয়াত জাহান। কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশ্যাফ।
গানের চিত্রটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। দুর্গা পূজা উৎসবকে ঘিরে তৈরি বিশেষ এই গানটির শুটিং হয়েছে রমনা কালীমন্দির ও আশপাশের এলাকায়। কাজটি করে বেশ তৃপ্ত নওশাবা। গানটির সম্পর্কে নওশাবা বলেন, এতে শুধু নাচ-গানই নেই, রয়েছে বিশেষ বার্তাও। তাই গানটিতে অভিনয় করে তার ভালো লেগেছে বলে জানান এই অভিনেত্রী। খুব শিগগিরই এই মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। এদিকে নিজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন টুগেদার উই ক্যান-এর নানামাত্রিক ইভেন্ট নিয়ে গত এক বছর টানা ব্যস্ত সময় পার করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই অভিনেত্রী। তাই অভিনয়ে অনুপস্থিত। তবে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত তিনটি চলচ্চিত্র। ছবিগুলো হলো ‘আলগা নোঙর’, ‘৯৯ ম্যানশন’ ও ‘চন্দ্রাবতীর কথা’।