আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে করোনাভাইরাস আতঙ্কে ইতালির উত্তরাঞ্চলীয় ১০ শহরে জনসমাগমস্থল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার ইতালির পাদোভা শহরে করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যুর পর এসিদ্ধান্ত নেয় ইতালির কর্তৃপক্ষ।
দেশটির সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্কুল, কলেজ ইউনিভারসিটির সহ সরকারি ভবন, রেস্টুরেন্ট ও কফি শপের মতো স্থানগুলো যেখানে জনসমাগম ঘটে সেগুলো বন্ধ থাকবে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। আরও খবর নিয়ে জানা গেছে, পাদোভায় অবস্থিত বাংলাদেশিরা অনেক আতঙ্কের সহিত দিনযাপন করছেন ।
ইতালিতে এখন পর্যন্ত এভাইরাসে আক্রান্ত ৫১ জনের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যিনি কখনও চীনে যাননি। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার অঞ্চলটির জনসমাগমস্থল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি আক্রান্ত ৫১ জনের ৩৯ জনই লোম্বারদি এলাকার বাসিন্দা এবং বাকি ১৭ জন ভেনতো প্রদেশের বাসিন্দা। জানুয়ারির শেষ দিকে চীন থেকে ফেরা এক ব্যক্তির সঙ্গে বৈঠকের পর ৩৮ বছরের আরেক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই ব্যক্তি যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সেখানকার পাঁচ চিকিৎসক ও নার্স এবং অন্য বেশ কয়েকজন রোগীও এ ভাইরাসে আক্রান্ত হন। ওই এলাকার একটি ক্যাফেতে যাওয়া তিন ব্যক্তির শরীরেও এ ভাইরাসের সন্ধান মিলে। উদ্ভুত এই পরিস্থিতিতে নড়েচেড়ে বসেছে দেশটির প্রশাসন।
বিশ্ব স্বাস্থ্য সেবার জরিপ মতে চীনের হুবেই শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে । মৃতের সংখ্যা প্রায় আড়াই হাজারের মতো ।