রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ইউরোপজুড়ে ‘শেনজেন ইনফরমেশন সিস্টেম’ (SIS) জটিলতা দিন দিন আরও প্রকট হচ্ছে। ফলে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রেসিডেন্স কার্ড প্রত্যাশী লক্ষাধিক বাংলাদেশি চরম বিপাকে পড়েছেন।
শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) হচ্ছে ইউরোপে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার জন্য সর্বাধিক ব্যবহৃত তথ্য বিনিময় ব্যবস্থা, যা সীমান্ত, অভিবাসন, পুলিশ, শুল্ক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। তবে বর্তমানে এই ব্যবস্থায় অনিয়মিত অভিবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন।
এই সংকট থেকে উত্তরণের লক্ষ্যে মানবিক সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু চলমান এই সংকট নিরসনে আয়েবার নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, শিগগিরই আয়েবার প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।”
কাজী এনায়েত উল্লাহ ইনু আরও জানান, আলোচনা সফল হলে— যারা কোনো দণ্ডপ্রাপ্ত নন বা গুরুতর অপরাধে জড়িত নন, তাদের পুরনো আঙুলের ছাপ বা তথ্যগত জটিলতার কারণে বৈধতার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি মানবিক বিবেচনায় সমাধান করা হতে পারে।
সংবাদ সম্মেলনে আয়েবার প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীনের নির্দেশনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, মাহারুল ইসলাম মিন্টু, বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি শুভ্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু এবং এমদাদুল হক স্বপন প্রমুখ।
বক্তারা ইউরোপের দেশগুলোর প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো নিরসনের আহ্বান জানান এবং বলেন— আয়েবা আশাবাদী, সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহ যথাযথ পদক্ষেপ নেবে এবং ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করবে।