প্রবাস মেলা ডেস্ক: জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের সামনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় ৩ এপ্রিল ২০২২, রবিবার সন্ধ্যায় রোজার দ্বিতীয় দিন মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপের জেরে প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ সময় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।
আল-জাজিরার খবরে বলা হয়, পবিত্র রমজানের দ্বিতীয় দিন সন্ধ্যায় জেরুজালেমের আল কুদসে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনিদের অভিযোগ, পবিত্র আল আকসা মসজিদ থেকে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় ইসরাইলি পুলিশ তাদের ওপর হামলা চালায়। এ সময় গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে বেধড়ক পেটানো হয় বলেও অভিযোগ তাদের। এক পর্যায়ে ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইসরাইলি পুলিশের।
একইদিন পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকজন ইসরাইলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় বলে অভিযোগ ফিলিস্তিনিদের। রোজার দ্বিতীয় দিন হঠাৎ করে মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ইসরাইলি পুলিশ। বিধিনিষেধের পরও ফিলিস্তিনিরা মসজিদে নামাজ আদায় করায় তাদের ওপর চড়াও হয় ইসরাইলি বাহিনী।
এর আগে শনিবারও পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিন নিহত হন। যদিও তেল আবিবের দাবি, তারা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে।