মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি : আবুধাবী প্রবাসী কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এছাড়া অনুষ্ঠানে সম্প্রতি সমিতির উদ্যোগে আয়োজিত ব্যাটমিন্টন খেলায় বিজয়ীদের মাঝে ট্রপি তুলে দেয়া হয়।
মোসাফফায় মুক্তামনি রেস্টুরেন্ট হল রুমে সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে নুর আলম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মেনহাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বাংলাধারা ও নোয়াখালী টিভির আমিরাত প্রতিনিধি আবদুল আলীম সাইফুল। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আশরাফ, নজরুল ইসলাম বাদশা, শামীম, হাসান, সাইফুল, ওমর কাউয়ুম, আক্তার হোসেন, আব্দুল মতিন ও আব্দুল কাইয়ুম সহ অনেকে।
প্রবাসের বুকে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করে আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার করেন তারা। প্রবাসীরা প্রবাস জীবনে কোন সমস্যার সম্মুক্ষীন হলে তাদের কল্যাণে কাজ করার ঘোষণা দেন সভা থেকে। আগামীতে সবার সহযোগিতা নিয়ে সমিতির কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে বলে জানান বক্তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে সকল সদস্যদের সমাজ ও রাষ্ট্র বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাধারা পরিবার ও নোয়াখালী টিভি এই সমিতির পাশে থাকবে বলে আস্বস্ত করেন তিনি।
সভাপতির সমাপনী বক্তব্যে আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যদের জন্য ১ লক্ষ টাকার বীমা ঘোষণা করেন এবং আগামীতে আরব আমিরাতে একমাত্র নিবন্ধিত সংগঠন বাংলাদেশ সমিতির সহযোগী সংগঠন হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।