রানা সাত্তার, চট্টগ্রাম: আনোয়ারায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক জিন্নাত কে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জিন্নাত আইয়ুব (৩২) নামের ওই সাংবাদিক একুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। নিরাপত্তাহীনতা অনুভব করে ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার রাতে তিনি স্বশরীরে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এই ব্যাপারে সাংবাদিক জিন্নাত আইয়ুব জানান, চাতরি ফতেহ খাঁন দিঘী, লামার হারেছে লেকসহ বিভিন্ন স্থানে বড়শি প্রতিযোগিতার নামে জুয়ার কারবার নিয়ে সম্প্রতি একুশে পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সংশ্লিষ্টরা তার উপর ভীষণ ক্ষুব্ধ ছিলেন বুঝতে পেরেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সরওয়ার জামান (২৪), মোহাম্মদ অহিদ (২৬) চাতরী চৌমুহনিতে সাংবাদিক জিন্নাতকে ঘিরে ধরে অস্রাব্য গালাগাল করেন। ভবিষ্যতে এমন খবর ছাপা হলে মেরে লাশ গুমেরও হুমকি দেন।
হুমকিদাতাদের পরিচয় সম্পর্কে জিন্নাত আইয়ুব বলেন, তারা বার বার বড়শি প্রতিযোগিতা নিয়ে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে সেই কৈফিয়ত দাবি করছিল । খবর প্রকাশের কারণে তাদের ৫ লাখ টাকাসহ আরো বড় বড় ক্ষতি হয়েছে বলে রক্তচোখে জানিয়ে দেন।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সহকর্মী সাংবাদিককে হুমকির প্রতিবাদ জানিয়েছেন আনোয়ারায় কর্মরত সহকর্মী সাংবাদিকেরা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড় উঠে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, এমন গর্হিত কাজ যারা করেছে, তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।