প্রবাস মেলা ডেস্ক: আনোয়ারায় ‘কান্তিরহাট প্রিমিয়ার লীগ’ কেপিএল এর তৃতীয় আসরের উদ্বোধন হয়েছে ২২ জানুয়ারি ২০২২, শনিবার রাতে। দক্ষিণ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক-বৈরাগ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নোয়াব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সদস্য এম. এ. রশিদ, লেখক-সাখবাদিক রফিক আহমদ খান, ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস, ক্রীড়া অনুরাগী মোহাম্মদ ছবুর, এস. এম মঈনুদ্দিন ও যুবলীগ নেতা মো: নুর। অনুষ্ঠানে উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী তাঁর বক্তব্যে টুর্নামেন্ট আয়োজনের জন্য স্থানীয় তরুণদের ধন্যবাদ বলেন, খেলাধুলা মাদকের বিরুদ্ধে কাজ করে। খেলাধুলায় মেতে থাকলে তরুণেরা মাদকমুখী হবে না। তাই নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান তিনি। চেয়ারম্যান নোয়াব আলী খেলাধুলার পাশাপাশি পড়ালেখার যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তরুণদের।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে পশ্চিমচাল কিংস তিন উইকেটে জয়ী হয় বটতলী এস এম আউলিয়া দলের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে খানবাড়ি ক্রীড়া চক্র চার উইকেটে জয় লাভ করে আসকর আলী কিশোর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ম্যান অব দা ম্যাচ হন খানবাড়ি ক্রীড়া চক্রের তওহিদ খান। তৃতীয় ম্যাচে চালিতাতলী ইলেভেন স্টার স্পোর্টস ক্লাব ৩ রানে জয় লাভ করে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। এতে ম্যান অব দা ম্যাচ হন চালিতাতলীর মোজাম্মেল।
টুর্নামেন্টের প্রথম রাতে মাঘের প্রচণ্ড শীত উপেক্ষা করে মাঠের চারপাশে দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। খেলা চলাকালীন অনুভূতি ব্যক্ত করে লেখক রফিক আহমদ খান আগামীতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বড় মাঠে বড় পরিসরে শীতকালে ক্রিকেট ও জুন-জুলাইয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহবান জানান নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতি।
আনোয়ারায় কেপিএল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন