শরীফ মুহমাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতে প্রায় ৫৪ হাজার ষাটোর্ধ বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসী আকামা নবায়ন না করতে পেরে চরম বিপাকে পড়েছেন। এদের মধ্যে বেশ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। তাদের অধিকাংশই নিজের পরিবার পরিজন ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে হতাশায় ভুগছেন। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং আইনমন্ত্রী মন্ত্রী পরিষদ অধিবেশনে ষাটোর্ধ প্রবাসীদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া আকামা নবায়ন ইস্যুতে একটি দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। যাতে করে দীর্ঘ ১ বছর ঝুলে থাকা আকামা নবায়ন সমস্যাটির সমাধান হয়। কবে নাগাদ আকামা নবায়নের সিদ্ধান্তটি চুড়ান্ত হবে সেটা এখনো সমাধান হয়নি। মন্ত্রী পরিষদের এই ইস্যুটির সমাধানের আশাবাদী কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। যাতে করে ষাটোর্ধ প্রবাসীরা আকামা নবায়ন করতে পারেন।
কুয়েতে নতুন সরকার গঠনের পর দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং আইন মন্ত্রী বিষয়টি তুলে ধরে এ ইস্যুটি নিয়ে প্রথম বিবৃতি দেন। নতুন এই মন্ত্রী ষাটোর্ধ নন গ্রাজুয়েট প্রবাসীদের অমীমাংসিত বিষয়টিকে ‘উদ্বেগজনক’ হিসেবে বর্ণনা করে বলেন, এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রী পরিষদ।
স্থানীয় গণমাধ্যম আরব টাইমস সুত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ খুব শীঘ্রই এই বিষয়টি সংশোধন করার পাশাপাশি সমাধান করার আশ্বাস দিয়েছেন। উক্ত ষাটোর্ধ নন গ্রাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের বিষয়টি এভাবে স্থগিত রাখা উচিত নয় বলেও মন্ত্রী মন্তব্য করেন। ষাটোর্ধ নন গ্রাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের পদক্ষেপ গ্রহণের সাধুবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
গত ১ বছর যাবৎ ষাটোর্ধ নন গ্রাজুয়েট প্রবাসীদের আকামা নবায়ন বন্ধ করে দিয়েছেন কুয়েত সরকার। এতে করে বিভিন্ন দেশের অনেক প্রবাসীদের দেশে চলে যেতে হয়েছে। অনেক প্রবাসী তাদের আকামার মেয়াদ ৩ মাস করে বাড়িয়ে আকামা নবায়নে সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। তা নাহলে তাদেরও আকামাবিহীন হয়ে কুয়েত ছাড়তে হবে। তাছাড়া অনেকের আকামা না থাকায় ব্যাংক একাউন্ট বাতিল হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
দীর্ঘদিন থেকে অনেক ষাটোর্ধ প্রবাসী তাদের পরিবার নিয়ে এখানে বসবাস করছেন। আকামা নবায়ন না হওয়ার ফলে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তারা বিপাকে পড়েছেন। তারা চান, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস যেন আকামাবিহীন শ্রমিকদের সমস্যা সমাধানে কুটনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান করে।