প্রবাস মেলা ডেস্ক: অর্থপাচার ও জালিয়াতি মামলায় ১০ বিদেশিকে গ্রেফতার করেছে সিঙ্গাপুর পুলিশ। একই সঙ্গে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য সম্পদ জব্দ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুধবার পুলিশ এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজনদের গ্রেফতার করতে পুলিশ মঙ্গলবার বিভিন্ন শহর ও রাজ্যজুড়ে একযোগে অভিযান চালিয়েছে।
অভিযানে ৯৪টি সম্পত্তি ও ৫০টি গাড়ি জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৮১ কোটির বেশি। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট, নগদ টাকা, বিলাসবহুল ব্যাগ, গয়না, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস এবং ভার্চুয়াল সম্পদের তথ্যসহ কিছু নথি জব্দ করা হয়েছে।
পুলিশ বলেছে, তারা সম্ভাব্য অবৈধ কার্যকলাপের তথ্য পেয়েছে। এসব কার্যকলাপের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে তহবিলের উৎস প্রমাণ করার জন্য ব্যবহৃত সন্দেহভাজন জাল নথি। যেসব এলাকায় অভিযান চালানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ট্যাংলিন, বুকিত টিমাহ, অর্চার্ড রোড, সেন্টোসা এবং রিভার ভ্যালি।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, বিদেশিদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে এবং তাদের জাতীয়তার মধ্যে রয়েছে চীনা, তুর্কি, সাইপ্রিয়ট, কম্বোডিয়ান এবং নি-ভানুয়াতু। এদের মধ্যে একজন নারী ও ৯ জন পুরুষ। আরও ১২ জন তদন্তে সহযোগিতা করছেন। আটজন পলাতক রয়েছেন।
একটি পৃথক বিবৃতিতে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, যেখানে সম্ভাব্য জালিয়াতির অর্থ চিহ্নিত করা হয়েছে যেসব আর্থিক প্রতিষ্ঠানের (এফআই) সঙ্গে তারা যোগাযোগ করেছে। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নজরদারির কাজ চলছে। তবে এগুলোর নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।