প্রবাস মেলা ডেস্ক: মুক্তি পাবে দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল। প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। তবে এখন আর মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।
এর আগে ২০১৯ সালে ১৫ সদস্যের সেন্সর বোর্ডে সর্বসম্মতিক্রমে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দেন। সেখানে বলা হয়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ওপর নির্মিত সিনেমাটি। সেখানে দেশের সামরিক, পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা যে জীবন দিয়ে অসহায় জিম্মিদের উদ্ধার করেছেন, দুজন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন, সেটিই অনুপস্থিত। এরপর ২০২০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমাটিতে কিছু দৃশ্য সংযোজন করে আবারও জমা দিলে বোর্ড থেকে জানানো হয়, কোনো সংযোজন পাওয়া যায়নি।