ডেস্ক রিপোর্ট: ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) – অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে সিডনির মার্সডেন পার্ক নেবারহুড সেন্টারে। গত রবিবার (৬ জুলাই) আয়োজিত এ সভায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী সম্প্রদায়ের ৪০ জনেরও বেশি আর্থিক সদস্য অংশ নেন। উপস্থিত ছিলেন খ্যাতনামা ও অভিজ্ঞ প্রকৌশলীরাও।
সভাটি পরিচালনা করেন ড. ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার ভূমি ও জলাশয়ের প্রথাগত মালিকদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পরিবেশিত হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত।
অনুষ্ঠানে বিশেষ মর্যাদা এনে দেন তিনজন গুণী ও শ্রদ্ধাভাজন প্রবাসী প্রকৌশলী – প্রফেসর আহমদুল আমিন, ইঞ্জিনিয়ার শফিউল করিম ও প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল করিম।
আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সম্মানিত সেক্রেটারি ড. এএইচএম কামরুজ্জামান ২০২৪–২৫ সময়কালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, আইইবির উদ্যোগে বাংলাদেশ ‘ওয়াশিংটন অ্যাকর্ড‘-এর ২৪তম স্বাক্ষরকারী সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ছবিসমৃদ্ধ উপস্থাপনায় চ্যাপ্টারের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।
চ্যাপ্টারের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার রাশিদ পাটোয়ারী আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার পারভেজ শাহ ও সহকারী কমিশনার ইঞ্জিনিয়ার নূর হোসেন নির্বাচন প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁকে সম্মাননা তুলে দেন প্রফেসর ড. রেজাউল করিম, সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সোহেল করিম এবং অন্যান্য নির্বাহী সদস্যরা।
পরে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। এই পর্বটি পরিচালনা করেন ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।
চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল মতিন সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সভার সমাপ্তি হয় কেক কাটার মাধ্যমে অর্জন উদযাপন এবং একটি আনন্দঘন লাঞ্চ ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে।