মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে স্কুল ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।
স্কুলের শিক্ষার্থী আফনান সুষমা ও মরিয়ম বিনতে সাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায়
রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজের বিওডি চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কাউন্সেলর ব্যারিস্টার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিসেস মোশাররফ হোসেন, স্কুলের সিগনেটরি আমিনুল হুদা, উপাধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন, মোঃ কাওছার আহমেদ।
প্রধান অতিথি ব্যারিস্টার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, ৬০০০ মাইল দূরে ২৪ জুলাই গণঅভ্যুত্থানকে সমর্থন জানিয়ে সৌদি আরবের প্রবাসের মাটিতে সেদিন রাস্তায় নেমেছিলেন রেমিট্যান্স যোদ্ধারা, শিক্ষার্থীরা—যা অকল্পনীয়। একটি দেশের পরিবর্তনের জন্য প্রতিটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার অবদান রয়েছে। রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় ছোট ছোট শিশুদের চিত্রাঙ্কনের মধ্য দিয়েও তা ফুটে উঠেছে আবারও। শুধু তাই নয়, প্রবাসের মাটিতে ২০২৪ সালের যে প্রেক্ষাপট ছিল, সেটি নাটিকার মাধ্যমে তারা উপস্থাপন করেছেন—এটি সবচেয়ে আনন্দের বিষয়। তারা দেশকে কতটা অনুভব করে, এটাও তারা প্রমাণ করেছেন। আমি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সকলের উপস্থিতিতে এত সুন্দর আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজের যেকোনো কাজে দূতাবাসের সহযোগিতা থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষার্থে সবাইকে ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সৌদি সরকারের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্কুল ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, নাটিকা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে, সকল বীর শহীদসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।