প্রবাস মেলা ডেস্ক: নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ (ওবিআর)-এর ২০২৫ সালের কর্মসূচির সূচনা করতে (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এক লঞ্চিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ওবিআর দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৩ সালে শুরু হওয়া এই আন্দোলনের এবার এক যুগ পূর্তি হচ্ছে।
ড্রাম বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নারীবাদী গবেষক ও মানবাধিকারকর্মী তাসাফী হোসেন ‘ওয়ান বিলিয়ন রাইজিং’-এর ২০২৫ সালের মূল থিম ইংরেজিতে পাঠ করে শোনান। বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য রেখা সাহা এবং আদিবাসী অধিকার আন্দোলনের পুরোধা গবেষক ইলিরা দেওয়ান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ওবিআর-এর উদ্বোধন ঘোষণা করেন সাংগাত-এর কোর কমিটির সদস্য ও প্রাগ্রসর-এর প্রতিষ্ঠাতা ফওজিয়া খোন্দকার ইভা। তিনি আগামী ১৪ ফেব্রুয়ারি মানববন্ধন এবং ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এই সমাবেশে বাদাবন সংঘ, নারীপক্ষ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, প্রাগ্রসর, একশন এইড বাংলাদেশ, ব্লাস্ট, এএলআরডি, নিজেরা করি, মানব প্রগতি সংঘ, নাগরিক উদ্যোগ এবং সাংগাত-এর সদস্যরা অংশ নেন। এছাড়া চলচ্চিত্র নির্মাতা ও মানবাধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন।
ওয়ান বিলিয়ন রাইজিং আন্দোলন নারীর প্রতি সহিংসতা বন্ধে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করতে কাজ করছে। এই আন্দোলনের লক্ষ্য হলো নারীর প্রতি সহিংসতা বন্ধে বৈশ্বিকভাবে এক বিলিয়ন মানুষকে সম্পৃক্ত করা।