জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশের কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনের আলতাফ আলি পার্কে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হত্যা, হামলা ও মামলার মাধ্যমে আটক রাখা প্রায় ১৬০ জন সাংবাদিকের মুক্তির দাবি জানানো হয়।
ডক্টর আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং কামরুল আই রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে, অথচ নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল ভরে রাখা হচ্ছে। তারা আরও বলেন, দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে এবং সাংবাদিকদের ওপর নির্যাতন ও দমন-পীড়ন বেড়েই চলেছে। বক্তারা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি সত্ত্বেও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করার তীব্র সমালোচনা করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ওপর হত্যা ও মামলার মাধ্যমে চাপ তৈরি করা হচ্ছে এবং তাদের জামিনও দেওয়া হচ্ছে না। এভাবে মামলা ও হামলার ভয়ে দিন কাটাচ্ছেন অনেক সাংবাদিক। এই অবস্থা মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে বক্তারা সরকারের কাছে সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, বিবিসির সাবেক সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সাংবাদিক উর্মী মাজহার, রেজাউল করিম মৃধা, জাহাঙ্গীর আলম সিকদার, মনির, রাসেল, সোহাগজাদু, মানবাধিকার কর্মী আহাদ চৌধুরী, সাজিদুর রাহমান জামাল আহমদ খান, সাংবাদিক জুয়েল রাজ, নজরুল ইসলাম অকিব, ইমদাদুন খান, মিফাতুল নূর প্রমুখ।
বক্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাংবাদিকদের নিঃশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারের কাছে জোর দাবি জানান, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হোক এবং সাংবাদিকতা পেশার স্বাধীনতা নিশ্চিত করা হোক।
এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।