ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও গুরুতর অভিযোগের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর দেওয়া স্মারকলিপিতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ইতোমধ্যে দাখিল করা অভিযোগগুলোর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, বৈরুত বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের পক্ষ থেকে লিখিতভাবে বেশ কিছু গুরুতর অভিযোগ জানানো হয়েছে। এর মধ্যে একজন নারী প্রবাসীকে ধর্ষণের অভিযোগ, জাল ভিসা সংক্রান্ত প্রতারণা এবং মাদক সংক্রান্ত অনিয়ম ও অপরাধের বিষয় রয়েছে।
সংগঠনটির নেতারা অভিযোগ করেন, এসব বিষয়ে দূতাবাসকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ভুক্তভোগী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হতাশা, উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বিশেষ করে নারীর প্রতি সহিংসতার মতো সংবেদনশীল ঘটনায় দ্রুত ভুক্তভোগীর নিরাপত্তা, মর্যাদা ও আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. বৈরুত বাংলাদেশ দূতাবাসে দাখিল করা সব অভিযোগ দ্রুত পর্যালোচনা করে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা।
২. নারী প্রবাসীর ওপর নির্যাতনের অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে ভুক্তভোগীর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা।
৩. জাল ভিসা চক্র, মাদক ও অন্যান্য অনিয়মের বিষয়ে তথ্য-প্রমাণ যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া।
৪. অভিযোগগুলোর তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়মিত অবহিত করতে বৈরুত বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া।
৫. ভবিষ্যতে প্রবাসীদের অভিযোগ দ্রুত গ্রহণ, তদন্ত ও নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি মানবিক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনানুগ নিষ্পত্তি হবে। একই সঙ্গে লেবাননে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।