প্রবাস মেলা ডেস্ক: প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও আয়োজন করা হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শবনম। বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে চালু হয় এই আয়োজন।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে এই আয়োজন। বিকেল ৪টায় শুরু হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে তরুণ ও গুণী শিল্পীদেরও সম্মাননা জানানো হবে; তাদের একজন ‘আম্মাজান’ খ্যাত অভিনেত্রী শবনম।
বলে রাখা, ১৯৪৬ সালে ঢাকার নবাবপুরে জন্ম নেওয়া শবনমের ক্যারিয়ার শুরু হয়েছিল করাচির সিনে ইন্ডাস্ট্রিজে। তার স্কুল জীবন শেষ হওয়ার আগেই, সেই ষাট দশক থেকে পর্দায় তিনি; নব্বই দশকের শেষ পর্যন্ত করেছেন অভিনয়। তালিকায় অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে তার; তার মধ্যে একটি ‘আম্মাজান’। যদিও এটি তার শেষ সিনেমা।
বাংলা-উর্দু মিলিয়ে শবনমের অভিনীত মোট সিনেমার সংখ্যা ১৮০টির মতো। বাংলার চেয়ে উর্দুতেই বেশি সিনেমা করেছেন তিনি; সেখানে পেয়েছেন জনপ্রিয়তা, নানা পুরস্কার ও স্বীকৃতি। অভিনয়ের জন্য পাকিস্তানের জনপ্রিয় নিগার পুরস্কার পেয়েছেন ১২ বার।